উত্তরা প্রতিদিন
ঢাকা

জামায়াতের লংমার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোকসান হবে : রাশেদ খাঁন

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
জামায়াতের লংমার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকা লোকসান হবে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মো. রাশেদ খাঁন বলেছেন, জামায়াত ঘোষিত লংমার্চের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে।

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন রাশেদ খাঁন।

লংমার্চের সমালোচনা করে মো. রাশেদ খাঁন বলেছেন, ‘বিরোধী দলের নেতাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে। জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নেই।’

‘তারা ভেবেছিল, রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে। জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচে পড়া ভিড়ে যেতে পারবে না। কিন্তু লংমার্চে দেশি-বিদেশি বিনিয়োগের পরও সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট। এর মধ্যে দুই দল জামায়াতের জোট ছেড়েছে’, যোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খাঁন বলছিলেন, ‘সাধারণ মানুষ বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ছয় মাসের সরকারের ওপর ১৮ থেকে ২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।’

 

বিরোধীদের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ভাষ্য, ‘স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা সরকার করে যাচ্ছে।’

‘ফলে বিরোধী দলের ছয় দফায় জনগণের কোনো আগ্রহ নেই। বরং এভাবে রাস্তাঘাট বন্ধ রাখায় ও ১ লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে’, পোস্টে যোগ করেন রাশেদ।

এদিন সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ লংমার্চ শুরু হয়।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

লংমার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হচ্ছে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, চট্টগ্রামের মিরসরাই এবং সবশেষ চট্টগ্রাম নগরীর লালদিঘি ময়দানে জনসভা হবে।

 

Read more — রাজনীতি
Home