উত্তরা প্রতিদিন
ঢাকা

টাইব্রেকারে পবাকে হারিয়ে ফাইনালে মোহনপুর

উত্তরা প্রতিদিন ক্রীড়া প্রতিবেদক ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
টাইব্রেকারে পবাকে হারিয়ে ফাইনালে মোহনপুর

হাড্ডাহাড্ডি লড়াই, বৃষ্টিতে ভেজা মাঠ আর গ্যালারিভর্তি দর্শকের উচ্ছ্বাস—সব মিলিয়ে জমে উঠেছিল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। শেষ পর্যন্ত টাইব্রেকারে পবা উপজেলা ফুটবল দলকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনপুর উপজেলা ফুটবল দল।

আজ সোমবার বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে নির্ধারিত সময়ে কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে মোহনপুরের খেলোয়াড়েরা চারটি শটের চারটিই কাজে লাগান। বিপরীতে পবা দুটি শটে গোল করতে সক্ষম হয়। ফলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনপুর।

বৃষ্টির মধ্যেও ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় করেন প্রায় ১৫ হাজার দর্শক। গ্যালারিতে বসে বৃষ্টিতে ভিজেই প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দেন তারা। গত বছরের ফাইনালের মতো এবারও দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে স্টেডিয়াম। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন আকতার হোসেন।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগামী ২ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুর্গাপুর উপজেলা ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ফুটবল দল। ওই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মোহনপুরের প্রতিপক্ষ হবে।

দর্শকমুখর স্টেডিয়ামে খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, এনডিসি মোঃ বোরহান উদ্দিন অন্তর, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন, সহকারী কমিশনারবৃন্দ, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সাবেক ফুটবলার আলী আফতাব তপন ও মুরাদুজ্জামান এলানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Read more — খেলাধুলা
Home