উত্তরা প্রতিদিন
ঢাকা

কপাল পুড়ল শ্রীলঙ্কার, চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিল আইসিসি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
  কপাল পুড়ল শ্রীলঙ্কার, চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিল আইসিসি

২০২৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে নারীদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে ইতোমধ্যে আয়োজক থেকে সিংহলিজদের নাম বাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শ্রীলঙ্কা থেকে টুর্নামেন্ট সরানোর খবর নিশ্চিত করেছেন আইসিসি ট্রান্সফরমেশন কমিটির সচিব প্রকাশ শাফতার।

 

পরিবর্তে কোথায় খেলা হবে এই টুর্নামেন্ট, তা নিয়ে বাড়ছিল জল্পনা। সেই দৌড়ে উঠে এসেছে ভারতের নাম। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে চলা ছয় দলের এই টুর্নামেন্ট আয়োজনের দৌড়ে এখন ভারতই সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে। ক্রিকইনফো’র প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে (এসএলসি) সরকারের হস্তক্ষেপে এমন সিদ্ধান্ত নেয় আইসিসি। ফলে এসএলসির প্রতিনিধিরাও আইসিসির বৈঠকে অংশ নিতে পারছেন না। জানা যায়,আইসিসি বোর্ড মেম্বারদের নিয়ে পরবর্তী বৈঠকে নতুন ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কার নাম বাদ পড়ায় টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। যদিও এই বিষয়ে এখনো আইসিসির পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তাই নতুন আয়োজক বেছে নেওয়ার পাশাপাশি কোন কোন দল অংশ নেবে, তা ঠিক করার বিষয়টিও বৈশ্বিক সংস্থাটির বৈঠকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রশাসনিক পরিস্থিতি নিয়ে জুলাই মাসেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল আইসিসি। সংবিধান সংশোধনে উন্নতি হলেও তাড়াতাড়ি নির্বাচনের দিকে জোর দিয়েছিল তারা।

 

এদিকে বৈশ্বিক সংস্থাটির বোর্ডে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্বও স্থগিত করা হয়। প্রশাসনিক সমস্যায় আইসিসির কোন বড় টুর্নামেন্ট আয়োজনের বড় সুযোগ হারাল শ্রীলঙ্কা।

Read more — খেলাধুলা
Home