উত্তরা প্রতিদিন
ঢাকা

রাবিতে পোষ্য কোটার প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে ভিপি প্রার্থী

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ণ
 রাবিতে পোষ্য কোটার প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে ভিপি প্রার্থী
পোষ্য কোটা বাতিল দাবিতে কাফনের কাপড় পরে অনশনরত শিক্ষার্থী -উত্তরা প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে এবার কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুল ইসলাম। তিনি আসন্ন হল সংসদ নির্বাচনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে স্বতন্ত্র ভিপি প্রার্থী।  

আজ শুক্রবার বিকেল ৫টায় প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন তিনি। পোষ্য কোটা বাতিল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে তিনি জানান।

আসাদুল ইসলাম বলেন, আজকে আমি কাপনের কাপড় নিয়ে অনশনে বসেছি কারণ, যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এত রক্ত ঝরেছে সেই মীমাংসিত কোটা কে প্রশাসন কেন আবার বৈধতা দিলো। যতক্ষণ পর্যন্ত না এর সুষ্ঠু সমাধান হয়, ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন চালিয়ে যাব। শিক্ষার্থীরা আন্দোলন করে ১৭ বছরের স্বৈরশাসক কে দেশ থেক বিতাড়িত করেছি, সেখানে রাবির শিক্ষকদের সিন্ডিকেট ও আমরা ভাঙতে পারব। আমি সকল শিক্ষার্থী ভাই-বোন কে আহ্বান করবো যে আমার সাথে একাত্মতা ঘোষণা একই কাতারে অনশনে বসে যেতে।

তিনি আরও বলেন, আমি যখন ২০২১ সালে এডমিশন পরীক্ষা দেয় তখন আমার নাম্বার ছিল ৬৮.৫। এই নাম্বার নিয়ে আমি সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছি, কিন্তু আমার সাথে একই সেশনে পোষ্য কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা নূন্যতম পাশ নম্বর নিয়ে আইন, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞানসহ ভালো ভালো বিভাগে পড়াশোনা করছে। অনেকে মাত্র ৩৫-৪০ মার্ক পেয়ে ভালো ভালো বিভাগে পড়াশুনা করছে। আমি চাই প্রশাসন শীঘ্রই এই পোষ্যকোটা নামক বিষফোরা সমূলে উৎখাত করবে। এই কোটা বাতিল না হওয়া পর্যন্ত আমার অনশন চলবে।

গত বৃহস্পতিবার বেশ কিছু শর্তসাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ পেয়ে পাশ করা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা ভর্তির সুযোগ পাবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পোষ্য কোটা পুনর্বহালসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, ১৮ তারিখের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ২১ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। এই প্রেক্ষাপটে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বৈঠকে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Read more — নির্বাচন
Home