উত্তরা প্রতিদিন
ঢাকা

নেপালে বন্যার ৩ দিন পর কাদা থেকে শিশু উদ্ধার

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ৩০ আগস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
নেপালে বন্যার ৩ দিন পর কাদা থেকে শিশু উদ্ধার

নেপালে বন্যার ৩ দিন পর কাদা ও ধ্বংসস্তূপ থেকে ৬ বছরের এক শিশুকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

বুধবার (২৬ আগস্ট) হিমালয় পর্বতমালার একটি হিমবাহ ধসে নেপাল-তিব্বত সীমান্তে বন্যার সৃষ্টি হয়।

ভোটো কোশী নদীর পানি উপচে পড়ে রসুয়া জেলার তিমুরে গ্রামটি প্লাবিত হয়। নদীর তীব্র স্রোতে বিশাল এলাকা কাদা ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

উদ্ধার অভিযান চালানোর সময় আর্মড পুলিশ ফোর্সের উদ্ধারকর্মীরা কাদার নিচ থেকে একটি শিশুর ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। তড়িঘড়ি করে স্থানটি চিহ্নিত করে মাটি ও কাদা সরানো শুরু করেন তারা। অবশেষে শিশুটিকে নিরাপদে বাইরে বের করে আনতে সক্ষম হন।

উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য তিমুরে অবস্থিত এপিএফ বর্ডার আউটপোস্টে নেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডু পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে এয়ারলিফটিং বিলম্বিত হলেও, শনিবার পরিস্থিতি কিছুটা অনুকূলে এলে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে উদ্ধারের ভিডিও ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়ে। নিরলস প্রচেষ্টার জন্য উদ্ধারকারী দলকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

উদ্ধারের পর সামাজিক মাধ্যমে অনেকেই শিশুটির স্বজনদের খোঁজে পোস্ট করতে থাকেন। পরবর্তীতে জানা যায়, শিশুটির নাম মানিশা মগর। পুলিশ তার পরিচয় নিশ্চিত করতে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে।

নেপালে বন্যায় ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ভয়াবহ যে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল শনিবার জানিয়েছেন, এই ভয়াবহ ক্ষতির পর পুনর্গঠন ও পুনর্বাসনের কাজ শেষ করতে শত কোটি ডলার লেগে যেতে পারে। কাঠমান্ডুতে সাংবাদিকদের তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাপ সম্পন্ন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানানো হবে।

সর্বশেষ তথ্যানুযায়ী, উদ্ধারকারী দল এ পর্যন্ত ৬৭৫ জনের মরদেহ উদ্ধার করেছে এবং এখনও ২,৪০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভারতের প্রায় ৩০০ জন নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।

Read more — আন্তর্জাতিক
Home