
আসন্ন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগ শক্তিশালী করতে ‘ভুটানের রোনালদো’ খ্যাত চেনচো জিয়েলশেনকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। শনিবার (২৯ আগস্ট) ভুটানের এই তারকা ফরোয়ার্ডের সাথে চুক্তি সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
দক্ষিণ এশিয়ার ফুটবলে তিনি গতি ও ড্রিবলিং দক্ষতার কারণে ‘ভুটানিজ রোনালদো’ নামে পরিচিত। ভুটান জাতীয় দলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১১ সালে অভিষেকের পর দেশের হয়ে ৪৯ ম্যাচে ১৫টি গোল করেছেন।
এর আগেও বাংলাদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে চেনচোর।
২০১৬ সালে চট্টগ্রাম আবাহনীতে খেলেছিলেন ভুটান জাতীয় দলের হয়ে ৭ নম্বর জার্সিধারী এই ফরোয়ার্ড। সেবার ক্লাবটির হয়ে ৭ ম্যাচে করেন ৫ গোল।
জানা গেছে, আসন্ন ঘরোয়া ফুটবলে সাফল্য ধরে রাখতেই তাকে দলে ভিড়িয়েছে বাংলাদেশ ফুটবল লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা।
এর আগে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই দল গোছাতে চমক দেখিয়েছে দেশের অন্যতম সফল ক্লাবটি।
নেপাল জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার রোহিত চাঁদকে দলে ভিড়িয়েছে পাঁচবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। একই দিনে নেপালি উইঙ্গার মানিশ দাঙ্গি, অঞ্জন বিস্তাকে সাইন করে ফুটবল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সাফ অঞ্চলের এই চার ফুটবলারই নিয়মানুযায়ী ‘দেশি’ কোটায় খেলবেন।
দেশি খেলোয়াড়দের মধ্যে আজ কাজেম শাহকে সাইন করেছে কিংস। বাংলাদেশ পুলিশ এফসির হয়ে খেলার পর গত মৌসুমে ঢাকা আবাহনীতে যান জাতীয় দলের এই মিডফিল্ডার।
এবার আসন্ন মৌসুমে তার গন্তব্য হলো রেড অ্যান্ড হোয়াইট শিবিরে।
উত্তরা/এএম

