উত্তরা প্রতিদিন
ঢাকা

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামা ছাড়া পথ থাকবে না: গোলাম পরওয়ার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামা ছাড়া পথ থাকবে না: গোলাম পরওয়ার

গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামা ছাড়া আর কোনো পথ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় হোক। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি উনারা পালন করুক। আমরা চাই জুলাই সনদসহ সব দুর্ভোগের আলোচনা পার্লামেন্টে হোক। কোনো সহিংস অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হোক; আমরা সেটা চাই না।

আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ছয় মাসে দেশে প্রায় ৫০০-৫৫০টি খুনের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনাও ঘটেছে। জনদুর্ভোগের যেন শেষ নেই। উত্তরবঙ্গের গাইবান্ধা, কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গা থেকে সারের সংকটের খবর আসছে। বেশি দাম দিয়েও কৃষকরা সার পাচ্ছেন না।’

 

 

তিনি বলেন, ‘বিদ্যুতের লোডশেডিং- এই যে আমি আজকে একটা মিটিংয়ে ছিলাম রংপুরে, এক ঘণ্টার বক্তৃতার মধ্যে তিনবার বিদ্যুৎ গেল। রংপুরবাসী তো এর নীরব সাক্ষী আছেন।’

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও সারের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, উত্তরবঙ্গ ধান ও কৃষির অঞ্চল। সেখানে বহুগুণ বেশি দাম দিয়েও কৃষকরা সার পাচ্ছেন না। এত জনদুর্ভোগ ও সংকটের মধ্যে আইনশৃঙ্খলার চরম অবনতির দায় সরকারের।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যতই বলেন যে কেবল আমরা এসেছি ছয় মাস, ছয় মাস-তো হলো রে ভাই। আইনশৃঙ্খলা, নিরাপত্তা এবং মানুষের প্রয়োজন মিটানোর জন্য ছয় মাস তো কম সময় নয়।’

 

 

 

 

উত্তরা/এএম

Read more — রাজনীতি
Home