
সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সিরিয়ার নতুন ক্ষমতাকাঠামোর সঙ্গে যুক্ত হায়াত তাহরির আল-শাম বা এইচটিএসের ওপর থাকা সন্ত্রাসবাদ সংক্রান্ত নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছে। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।
সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এইচটিএসকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা তালিকা থেকেও সংগঠনটির নাম সরানো হয়েছে। ফলে নিষিদ্ধ ব্যক্তি বা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট না হলে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো এইচটিএসের সঙ্গে লেনদেন করতে পারবে।
তবে এইচটিএসের সাবেক দুই সদস্য সাদ বিন সাদ মুহাম্মদ শারিয়ান আল-কাবি ও জামাল হুসাইন জাইনিয়াহর ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে আল-কায়েদা ও হুরাস আল-দিনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার ওপর থাকা বিভিন্ন নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিতে শুরু করে পশ্চিমা দেশগুলো। সিরিয়ার নতুন রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনীতি সচল করা, মানবিক সহায়তা ও পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে ওয়াশিংটনও কয়েক দফায় নিষেধাজ্ঞা শিথিল করেছে।
এইচটিএসের বিরুদ্ধে আগে কঠোর অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। সংগঠনটির শিকড় আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকায় এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হতো। তবে সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের পর ওয়াশিংটন ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে আসে।

