উত্তরা প্রতিদিন
ঢাকা

জমানো বাক্সগুলো ডেকে আনছে তেলাপোকা!

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৪ আগস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
জমানো বাক্সগুলো ডেকে আনছে তেলাপোকা!

অনলাইন কেনাকাটার পর আসা কার্ডবোর্ডের বাক্সগুলো জমা করে রাখার অভ্যাস থাকলে তা এখনই বদলে ফেলার সময় এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই প্লাস্টিক বা কাগজের কার্টনগুলোই আসলে তেলাপোকার নিরাপদ আশ্রয়স্থল।

লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির পতঙ্গবিদ আ্যরোন অ্যাশব্রুক জানান, কার্ডবোর্ড তেলাপোকাদের প্রচণ্ড আকৃষ্ট করে। এমনকি আমরা যারা গবেষণাগারে তেলাপোকা নিয়ে গবেষণা করি, তাদের রাখার জন্য কার্ডবোর্ডই ব্যবহার করি।

সব ধরণের তেলাপোকা এতে না থাকলেও, আমাদের বাসাবাড়িতে যে তেলাপোকাগুলো উপদ্রব বাড়ায়, তারা কার্ডবোর্ড ভীষণ পছন্দ করে।

যেসব কারণে কার্ডবোর্ড তেলাপোকাকে আকৃষ্ট করে

তেলাপোকা কার্ডবোর্ডের সেলুলোজ ও আঠা খেয়ে থাকে। কার্ডবোর্ড ভেজা থাকলে সেখান থেকে তারা পানিও শুষে নেয়। এগুলো সুছিদ্র হওয়ায় তেলাপোকার নিঃসৃত ফেরোমোন গন্ধ সহজে ধরে রাখে, যা অন্যান্য তেলাপোকাকে আকৃষ্ট করে। কার্ডবোর্ডের খাঁজযুক্ত স্তরের ভেতরে অনায়াসে ছোট-বড় তেলাপোকা লুকিয়ে থাকতে পারে এবং চলাফেরা করলেও কোনো শব্দ হয় না। ঘরের ফেলে রাখা কোণে বা স্টোররুমে জমানো বাক্সগুলোতে মানুষ সাধারণত নজর দেয় না। ফলে আড়ালে এদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।

স্বাস্থ্যঝুঁকি ও রোগবালাই

তেলাপোকা কেবল দেখতেই ঘৃণ্য নয়, এটি মানবদেহের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আমেরিকান তেলাপোকা এবং জার্মান তেলাপোকা দুটোই জীবাণুর বাহক। এরা মেঝের নোংরা থেকে এসে আমাদের খাবার ও রান্নার পাত্রে মল-মূত্র ও বমি ত্যাগ করে।

এদের মাধ্যমে স্যামোনেলা, ই-কোলাই এবং নরোভাইরাস ছড়াতে পারে। এছাড়া এদের মল ও ঝরে পড়া খোলস থেকে তীব্র অ্যালার্জি সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে, ছোট শিশুরা তেলাপোকার অ্যালার্জেনের সংস্পর্শে এলে তাদের মধ্যে আজীবন হাঁপানি বা অ্যাসমা হতে পারে।

তেলাপোকার উপদ্রব বন্ধে করণীয়

পার্সেল পাওয়ার পর বাক্স জমিয়ে না রেখে ফেলে দিন বা রিসাইকেল করুন। কোনো কিছু রাখার প্রয়োজন হলে প্লাস্টিকের এয়ারটাইট কন্টেইনার ব্যবহার করুন। জমানো বাক্সের স্তূপ থাকলে আলো জ্বেলে পরীক্ষা করুন, তেলাপোকার উপস্থিতি দেখলে ব্যবস্থা নিন। যদিও প্রাপ্তবয়স্ক আমেরিকান তেলাপোকা মাত্র দুটি কয়েনের মতো পাতলা ফাঁক দিয়েও গলে যেতে পারে, তবুও ঘরের ফাটলগুলো বন্ধ রাখা ভালো। প্রবেশের মুখে প্রতিরোধমূলক কিটনাশক স্প্রে করুন। রান্নাঘর পরিষ্কার রাখুন, খাবারের অবশিষ্টাংশ ঢেকে রাখুন এবং নিয়মিত আবর্জনা পরিষ্কার করুন।

সব তেলাপোকাই কি ক্ষতিকর

বিশেষজ্ঞরা জানান, সব প্রজাতির তেলাপোকা কিন্তু ঘরের ক্ষতি করে না। অনেক বুনো প্রজাতির তেলাপোকা রাতে আলোর কাছে চলে এলেও তারা ঘরে বংশবৃদ্ধি করে না। তাই অতিরিক্ত উপদ্রব হলে নির্দিষ্ট প্রজাতি চিহ্নিত করে প্রফেশনাল পেস্ট কন্ট্রোলের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ।

Read more — লাইফস্টাইল
Home