
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছেন তারা। এর পাশাপাশি রোববার (২৩ আগস্ট) ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল। বিকাল তিনটার দিকে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন তারা। মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স,গ্যালারি সব কিছু পরিদর্শন করেছেন। এমনকি ডাগ আউটের ও গ্যালারির চেয়ারে বসেও দেখেছেন।
ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, সেটিই ছিল ব্রাজিলের প্রতিনিধি দলের স্টেডিয়াম পরিদর্শনের মূল উদ্দেশ্য।
ব্রাজিল দলের পরিদর্শন শেষে ইকবাল সাংবাদিকদের বলেন, ‘তারা বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ খেলতে চায়। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার আগ্রহ রয়েছে।’
৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলার আগে ঢাকায় অনুশীলন করার কোনো সুযোগ আছে কি না? এমন প্রশ্নে ইকবালের জবাব, ‘তারা এই বিষয়ে কিছু বলেনি। মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে তাদের ফেডারেশনে জানাবে। প্রয়োজনে মাঠ আরেকটু প্রস্তুত হলে আরেকবার আসতে চেয়েছে।’
ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া থেকে ভারত যাওয়ার আগে বাংলাদেশে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ৩০ সেপ্টেম্বর কিংবা ১ অক্টোবর ঢাকায় অনুশীলন করে ভারত যায় কি না সেই গুঞ্জন রয়েছে। নাকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে খেলবে সেটা কিছু দিন পর স্পষ্ট হওয়া যাবে।

