
ভারতের আসামের কামাখ্যা থেকে দিল্লিগামী একটি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণরত এক বাংলাদেশী যুবককে মির্জাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (২৩ আগস্ট) কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তের কাশ্মীরে যাওয়ার উদ্দেশ্য ছিল। তিনি ব্রহ্মপুত্র মেইলের এসি কোচে টিকিট ছাড়াই দিল্লির উদ্দেশে যাচ্ছিলেন।
বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা রিয়াজ আহমেদ (২৩) নামের ওই ব্যক্তিকে সতর্কবার্তার ভিত্তিতে শনিবার রাতে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যরা আটক করেন।
কর্মকর্তারা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের সময় তার কাছে ভারতে প্রবেশের বৈধ অনুমতি হিসেবে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো নথি পাওয়া যায়নি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে মির্জাপুর সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার ভার্মা জানিয়েছেন।
তিনি বলেন, তাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এরপর তাকে কারাগারে পাঠানো হবে।

