উত্তরা প্রতিদিন
ঢাকা

ম্যাকাই টেস্ট হেরেও র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
ম্যাকাই টেস্ট হেরেও র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে মাত্র দুই দিনে ইনিংস ব্যবধানে হারের হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য এসেছে সুখবর। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের টেস্টে পাওয়া ঐতিহাসিক জয়ের সুফল মিলেছে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে। তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

 

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দীর্ঘ সময় ৯ নম্বর অবস্থানেই ছিল লাল-সবুজের দল। চলতি বছরের মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ৭ নম্বরে উঠে নিজেদের আগের রেকর্ড ভেঙেছিল নাজমুল হোসেন শান্তর দল। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ইনিংস ব্যবধানে হারের পর আবারও ৯ নম্বরে নেমে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডারউইনে ঐতিহাসিক জয় পাওয়ার পর এবার র‍্যাঙ্কিংয়ে আরও বড় উন্নতি হলো বাংলাদেশের। ২৩ আগস্ট প্রকাশিত সর্বশেষ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে তারা।

 

অন্যদিকে ভারতের বিপক্ষে গলে বড় ব্যবধানে হারের প্রভাব পড়েছে শ্রীলঙ্কার র‍্যাঙ্কিংয়ে। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ৭ নম্বরে নেমেছে তারা। ইংল্যান্ডের কাছে হারের কারণে অবনমন হয়েছে পাকিস্তানেরও। ৭৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ৮ নম্বরে।

৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৪। আর দশ নম্বরে রয়েছে জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে অপর দুই দল আফগানিস্তান ও আয়ারল্যান্ড এখনও আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারেনি।

বাংলাদেশের কাছে ডারউইনে হারলেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১২৬। ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর নিউজিল্যান্ডের ১০৬ পয়েন্ট, ভারতের ১০৪ এবং ইংল্যান্ডের ৯৯ পয়েন্ট।

 

ফলে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল শুধু মাঠের পারফরম্যান্সেই সাফল্য এনে দেয়নি, টেস্ট র‍্যাঙ্কিংয়েও এনে দিয়েছে নতুন এক মাইলফলক।

Read more — খেলাধুলা
Home