
প্রেমিকার স্বজনদের হাত থেকে বাঁচতে গিয়ে স্টিলের বড় ট্রাঙ্কে ভেতরে লুকিয়ে প্রায় দমবন্ধ হয়ে প্রাণ হারানোর উপক্রম হয়েছিল এক যুবকের। শেষ পর্যন্ত বাক্সের তালা খুলে উদ্ধার করা হলে মারাত্মক শ্বাসকষ্টে ছটফট করতে করতে বেরিয়ে আসেন তিনি।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে।
পুলিশের বরাতে জানা যায়, যুবকের বাড়ি প্রেমিকার বাড়ি থেকে মাত্র সাত ঘর দূরে। গত শুক্রবার সকালে পরিবারের সবাই কাজে বের হলে প্রেমিকা তাকে ফোনে ডেকে আনেন। দুপুরে যুবকটি সেখানে পৌঁছান। কিন্তু কিছুক্ষণ পর পাশের বাড়িতে থাকা প্রেমিকার এক খালা ঘরে আওয়াজ পেয়ে সন্দেহ করেন এবং দরজায় কড়া নাড়েন।
বিপদে পড়ার আশঙ্কায় প্রেমিকা দ্রুত তার প্রেমিককে ঘরে থাকা বড় একটি ট্রাঙ্কে ঢুকিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এরপর স্বাভাবিক ভঙ্গিতে দরজা খোলেন। কিন্তু স্বজনের সন্দেহ দূর না হওয়ায় তিনি বাইর থেকে মূল ফটক আটকে দেন এবং ওই তরুণীর মা ও ভাইকে খবর দেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা এসে ঘরে তল্লাশি শুরু করেন। খাটের নিচে, আলমারিতে ও ছাদে খুঁজেও কাউকে না পেয়ে যখন ৪৫ মিনিট পার হয়ে যায়, তখন হঠাৎ ট্রাঙ্কের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। ভেতর আটকে থাকা যুবক বাতাস না পেয়ে বাঁচার আকুতিতে বাক্সে ধাক্কা দিচ্ছিলেন।
পরিবারের সদস্যরা চাবি চাইলে মেয়েটি জামাকাপড় আছে বলে চাবি দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে অবশেষে বাধ্য হয়ে কাঁপা কাঁপা হাতে ট্রাঙ্ক খোলেন ওই তরুণী।
তালা খোলামাত্রই ভেতর থেকে ঘেমে ভিজে যাওয়া এবং নিশ্বাসের জন্য হাঁসফাঁস করতে থাকা যুবকটি বেরিয়ে আসেন।
মুহূর্তেই এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে উপস্থিত পুলিশ সদস্যদেরও হাসতে দেখা যায়।
যুবকের পরিবার কোনো অভিযোগ করবে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, শান্তি ভঙ্গের অভিযোগে আপাতত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

