
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারের পর ম্যাকাইয়ে যেন নিজেদের আসল রূপ দেখালো অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে দাপুটে পারফরম্যান্সে দুই দিনের মধ্যেই বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। দলের এমন প্রত্যাবর্তনের পেছনে গত কয়েক দিনের পারফরম্যান্সের পার্থক্যকেই বড় করে দেখছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাচ শেষে কামিন্স বলেন, ‘গত দুই দিনে অনেক কিছুই আমাদের পক্ষে গেছে এবং গত সপ্তাহে অনেক কিছুই আমাদের বিপক্ষে গেছে। আমাদের ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল এবং ছেলেদের জন্য দারুণ দুটি দিন গেছে। আমার মনে হয়েছে সবাই দারুণ প্রস্তুত ছিল। গত সপ্তাহে চিত্রটা ছিল পুরোপুরি উল্টো।’
বাংলাদেশের বিপক্ষে দ্রুত শুরু করাটাই যে ম্যাচের গতিপথ বদলে দিয়েছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন অজি অধিনায়ক।
তিনি বলেন, ‘আপনি যদি প্রথম এক-দুই ঘণ্টায় সত্যিই ভালো করতে পারেন, তাহলে সেটি ম্যাচের বাকি অংশের ভিত্তি তৈরি করে দিতে পারে। গ্রিনকে পুরোপুরি ছন্দে মনে হয়েছে, সে আমাদের ইনিংসটা ধরে রেখেছে। আশা করি, এখান থেকে সে অনেক আত্মবিশ্বাস নিতে পারবে। আমরা জানি সে কতটা ভালো।’

