
পুডিং খেতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। কিন্তু ডিমে অ্যালার্জি থাকায় অনেকে পুডিং খেতে পারেন না। আবার অনেকে ডিম পছন্দও করেন না। তাই ডিম ছাড়াই তৈরি করতে পারেন সুস্বাদু পুডিং।
দেখে নিন কীভাবে তৈরি করবেন। প্রথমে ক্যারামেল তৈরির জন্য একটি প্যানে পানি ও চিনি দিয়ে জ্বাল দিন।
ক্যারামেল তৈরি হয়ে গেলে যে পাত্রে পুডিং তৈরি করবেন, সেখানে ঢেলে ছড়িয়ে দিন। এবার অন্য একটি হাঁড়িতে ২ কাপ দুধ, আধা কাপ চিনি, ১ চিমটি লবণ, কনডেন্সড মিল্ক, ১/৪ চা-চামচ ভ্যানিলা এসেন্স এবং ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জ্বাল দিন। দ্রুত হাতে নাড়তে থাকুন, নয়তো মিশ্রণটি দলা পাকিয়ে যেতে পারে। মিশ্রণটি ঘন হয়ে এলে ক্যারামেল দেওয়া পাত্রে ঢেলে দিন। এরপর পাত্রটি স্টিম করে নিন।
প্রায় ২০ মিনিট পর একটি কাঠি বা কাঁটা চামচ দিয়ে পুডিং পরীক্ষা করুন। কাঠি পরিষ্কার উঠে এলে বুঝবেন পুডিং তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে এলে একটি ছুরি দিয়ে পাত্রের চারপাশ থেকে পুডিং আলগা করে একটি প্লেটে উল্টো করে ঢেলে নিন। চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন। ঠান্ডা হলে এই ডিম ছাড়া পুডিং খেতে আরও বেশি সুস্বাদু লাগবে।

