উত্তরা প্রতিদিন
ঢাকা

তানজিদ বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে—বললেন প্রধানমন্ত্রী

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
তানজিদ বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে—বললেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর অভিনন্দন জানাতে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি কথোপকথন বেশ আলোচনায় এসেছে।

ভিডিও কলে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে তানজিদের সঙ্গে কথা বলার সময় তামিম তাঁকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে।’

তানজিদ ও প্রধানমন্ত্রী—দুজনের বাড়িই বগুড়া। তামিমের কথার পরপরই প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’

ক্রিকেটারদের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সপ্তম টেস্টে দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালে নিজেদের মাঠে প্রথমবার টেস্টে অজিদের হারিয়েছিল তারা। দ্বিতীয় জয়টি এল অস্ট্রেলিয়ার মাটিতেই। এ জন্যই এই জয়টা বিশেষ কিছুই হয়ে থাকল বাংলাদেশের জন্য।

Read more — খেলাধুলা
Home