উত্তরা প্রতিদিন
ঢাকা

পারস্য উপসাগরে তেলদূষণে ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা!

উত্তরা প্রতিদিন বিদেশ ডেস্ক ১৬ আগস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ণ
পারস্য উপসাগরে তেলদূষণে ট্রিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা!

পারস্য উপসাগরে জাহাজের তেল ছড়িয়ে পড়ায় ব্যাপক পানিদূষণ এবং জীববৈচিত্র্যের জন্য হুমকির সৃষ্টি হয়েছে। তেলদূষণের কারণে এই অঞ্চলের সামুদ্রিক প্রতিবেশব্যবস্থার ক্ষয়ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ডলার হতে পারে। সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এমন মন্তব্য করেছেন।

কেশম দ্বীপের কাছে সমুদ্রে ছড়িয়ে পড়া একটি বড় তেলজাতীয় স্তরের ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন ইসমাইল বাঘাই। তিনি এ ঘটনার জন্য একটি বিদেশি জাহাজকে দায়ী করেছেন।

বাঘাই লিখেছেন, গত কয়েক দশকে পারস্য উপসাগর ও ওমান সাগরের পানি এবং এই অঞ্চলের সামুদ্রিক প্রতিবেশব্যবস্থাকে দৃশ্যমান ও অদৃশ্য—উভয় ধরনের ব্যাপক দূষণ ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে ইরানের উপকূলীয় এলাকাগুলোতে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এই ঘটনাটি তারই একটি উদাহরণ।

তিনি আরও বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষের এই অঞ্চলে দূষণের পরিণতি মোকাবিলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য আইনগত এবং নৈতিক দায়িত্ব রয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ২৪৭ মিটার দীর্ঘ তেলবাহী জাহাজ ক্যারোলাইন বেযেঙ্গি (Caroline Bezengi) মে মাসে কৃষ্ণ সাগরের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে। ৮ জুন জাহাজটির ক্রুরা জাহাজে একটি বিস্ফোরণের খবর দেন।

এরপর জাহাজটি ওমানের ধোফার গভর্নরেটের আল হাল্লানিয়াত দ্বীপপুঞ্জের কাছে আটকে যায়। এর ফলে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে। জাহাজটি থেকে ছড়িয়ে পড়া তেল ওমানের প্রায় ১২ কিলোমিটার উপকূল দূষিত করেছে বলে এপি জানিয়েছে।

Read more — আন্তর্জাতিক
Home