উত্তরা প্রতিদিন
ঢাকা

রাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ণ
রাসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির রাজশাহী মহানগরের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।

পেশায় চিকিৎসক ডা. জাহাঙ্গীর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে তিনি লক্ষাধিক ভোট পান।

এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। চিকিৎসাসেবা, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা এবং দলীয় নেতৃত্বের কারণে তাকে নগর নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে দেখছে দলটি।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Read more — রাজনীতি
Home