
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে সুষ্ঠুতা নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা করেছে শাখা জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ বুধবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান, বর্তমান সভাপতি অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলামসহ আরও কয়েকজন শিক্ষক। আলোচনায় তারা নির্বাচনের সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনা নিয়ে নানা পরামর্শ দেন।
সভা শেষে সাংবাদিকদের সংগঠনটির সভাপতি অধ্যাপক আব্দুল আলিম বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনে নানা অসঙ্গতি দেখা গেছে। রাকসু নির্বাচনে যেন বহিরাগত ও অছাত্রদের প্রভাব না থাকে, সে বিষয়ে আমরা সতর্ক করার পাশাপাশি ওএমআর পদ্ধতিতে ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছি।”
সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, “আমরা চেয়েছিলাম নির্বাচন কিছুটা পিছিয়ে দেওয়া হোক, তাতে এটি আরও সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হতো। তবে তা হয়নি। এখন আমাদের প্রধান দাবি হলো যেন কোনো অঘটন না ঘটে, ভোট বয়কটের পরিস্থিতি তৈরি না হয়।”
তাদের দাবির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, “শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অংশীজন। তাঁরা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু পরামর্শ দিয়েছেন, আমরা বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনা করছি।”

