
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪ জনে দাঁড়িয়েছে এর্ং নিখোঁজ ৩ হাজারের বেশি মানুষ।
স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) শক্তিশালী এই কম্পনে কেঁপে ওঠে দেশটির বিস্তৃত অঞ্চল।
কলম্বিয়ার ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এটি চলতি শতকে দেশটির ইতিহাসে নথিভুক্ত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। চোকো, রিসারালদা, ভায়েল দেল কাউকা ও কালদাসসহ বিভিন্ন প্রদেশে আঘাত হানা এই মর্মান্তিক দুর্যোগে ইতোমধ্যে ৬২০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন।
পেরিইরা, ক্যালি ও কিবদোসহ ক্ষতিগ্রস্ত শহরগুলোতে ধসে পড়া বহু ভবনের নিচে এখনও ৩,১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায় এবং এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার গভীরে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্পরিয়া দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং সামরিক বাহিনীকে উদ্ধারকাজে নিয়োগ করেছেন।
ভূ-কম্পনের তীব্রতায় বিভিন্ন শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, অনেক জায়গায় সড়ক ধসে গেছে এবং নিরাপত্তার স্বার্থে আঞ্চলিক ছয়টি বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে এখনও উদ্ধারকারী দল পৌঁছাতে বেগ পাচ্ছে, তবুও স্বজন ও স্বেচ্ছাসেবীরা অবিরাম ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের বের করে আনার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

