উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু

উত্তরা প্রতিদিন উত্তরা প্রতিবেদক ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ
রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজশাহীতে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা। বৃহস্পতিবার বিকেলে নগরীতে পৃথক দুটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ উপলক্ষে নগরীর প্রধান সড়কগুলোতে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাক-ঢোল, কীর্তন, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় আবহে শোভাযাত্রায় অংশ নেন বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহীর উদ্যোগে রেশমপট্টির শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি উপস্থিত সবার প্রতি রথযাত্রার শুভেচ্ছা জানান এবং শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ইসকন রাজশাহীর অধ্যক্ষ রামেশ্বর গৌর দাস ব্রহ্মচারীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রথযাত্রা উৎসবেরও উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, আর সবাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থেকে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলবে।'

তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে রাজশাহী মহানগরীর প্রতিটি নাগরিকের কল্যাণ ও উন্নয়নে কাজ করাই সিটি করপোরেশনের অঙ্গীকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মিল্টু কুমার সরকার, কোষাধ্যক্ষ অশোক কুমার সাহাসহ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর ও থানা বিএনপির নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছর বাংলা চান্দ্র মাস আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। নয় দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপনী উল্টো রথযাত্রা এবার অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুলাই।

Read more — ধর্ম
Home