
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মাধ্যমে সরকারের বিশেষ উদ্যোগে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ ও আসল পরিশোধ করে প্রায় ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবারকে ঋণমুক্ত করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রথম ব্যাংক হিসেবে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে রাকাব।
ব্যাংক সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৩৯ হাজার ৪৮০টি কৃষক পরিবারের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার কৃষিঋণ সরকার পরিশোধ করেছে।
এর মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৮৮ হাজার ৮২৫টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৫৫টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুন করে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তাদের প্রত্যাশা।
রাকাব কর্তৃপক্ষ কৃষকদের জন্য এ বিশেষ সুবিধা প্রদানে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে ব্যাংকটি।

