
কুয়েতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বাহিনীটির দাবি, ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ওই অভিযানে তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।
বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, রবিবার এ দাবি করে আইআরজিসি। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ড্রোনের মাধ্যমে চালানো অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়।
বিবৃতিতে বলা হয়, উৎক্ষেপণ ব্যবস্থাগুলো এবং সেগুলোর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র পড ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ইরানে হামলার জন্য প্রস্তুত ছিল।
আইআরজিসি আরও দাবি করেছে, ওই অভিযানে তিন মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে এ তথ্যের ভিত্তি হিসেবে তারা অনানুষ্ঠানিক সূত্রের কথা উল্লেখ করেছে।
বাহিনীটির দাবি, সাম্প্রতিক হামলা এবং ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অভিযানের সময় যুক্তরাষ্ট্রের স্বল্প-পাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছিল।
তবে আইআরজিসির এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা কুয়েতের কর্তৃপক্ষ। এছাড়া দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে কুয়েত জানিয়েছিল, দেশটির উত্তরাঞ্চলের তিনটি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি পরিচালিত একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছেন। তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে কিছু জানায়নি দেশটি।
সূত্রঃ আনাদোলু, ফার্স নিউজ এজেন্সি

