উত্তরা প্রতিদিন
ঢাকা

৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৪ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ণ
৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ পদযাত্রা শুরু হবে। 

শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কর্মসূচির উদ্বোধনী দিনে দলের শীর্ষ নেতারা একযোগে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পদযাত্রায় অংশ নেবেন। উত্তরাঞ্চলে কর্মসূচির নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপি জানায়, ‘জুলাই পদযাত্রা ২০২৬’-এর মাধ্যমে শহিদদের আত্মত্যাগ স্মরণ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তুলে ধরা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

Read more — রাজনীতি
Home