
তুরস্ক সরকারের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর দক্ষিণ আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আলী আরমাগান আজ রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সকালে প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়ে মোহাম্মদ আলী আরমাগান রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন। উপ-উপাচার্য (প্রশাসন) তাঁকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম এবং টিকা’র প্রকল্প ব্যবস্থাপক মঞ্জুর এলাহী ও রেবেকা সুলতানা।

