
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে আজ রোববার। সকালে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ গেমস কমিটির সভাপতি ও কলা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার ও শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগম।
উদ্বোধনী বক্তব্যে উপ-উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, "এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে।"
আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, কাবাডি, উশু, জুডো, কারাতেসহ বিভিন্ন ইন্ডোর গেমসে (ছাত্র-ছাত্রী) অংশ নেবেন শিক্ষার্থীরা।

