
বিশ্বকাপে 'আই' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নরওয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন ওসমান ডেম্বেলের। দুর্দান্ত এক হ্যাটট্রিকের মাধ্যমে রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। নরওয়েকে অনায়াসে হারিয়ে গ্রুপ সেরা হলো ফ্রান্স।
শুক্রবার বস্টনে ‘আই’ গ্রুপের শেষ রাউন্ডে ৪-১ গোলে জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম দুই ম্যাচ জিতে নকআউট পর্বের টিকেট আগেই নিশ্চিত হওয়ায়, দুই দলের জন্যই এটি ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। লক্ষ্য পূরণ হলো ফ্রান্সের। তিন ম্যাচের সবকটিই জিতল তারা। আসরে প্রথম হারের স্বাদ পাওয়া নরওয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ।
দুই দলই ইতোমধ্যে শেষ ৩২ নিশ্চিত করায় হাইভোল্টেজ এই ম্যাচে শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন আনেন দুই কোচ।
আগের ম্যাচের তুলনায় একাদশে চারটি পরিবর্তন এনেছিলেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মাঝমাঠ ও আক্রমণভাগে গতি বাড়াতে তরুণ মিডফিল্ডার দেজিরে দুয়েকে শুরুর একাদশে ফেরান তিনি। অন্যদিকে, নকআউট পর্বের কথা মাথায় রেখে আরও বড় জুয়া খেলেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন।
তিনি একাদশে একসঙ্গে ১০টি পরিবর্তন এনে দলের দুই প্রাণভ্রমরা আর্লিং হ্যালান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে বিশ্রামে রাখেন।
নরওয়েকে ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই চেপে ধরে ফ্রান্স। ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় ফরাসিরা। বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে জালের ঠিকানা খুঁজে নেন পিএসজি তারকা উসমান দেম্বেলে। গোলটিতে অ্যাসিস্ট করেন কিলিয়ান এমবাপে।
গোলের পরও আক্রমণের ধার কমায়নি ফ্রান্স। ম্যাচের ২০তম মিনিটে ওসমান ডেম্বেলের আরেকটি চমৎকার গোল ব্যবধান দ্বিগুণ করে (২-০)। তবে নরওয়ে দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ফ্রান্সের দ্বিতীয় গোলের মাত্র ৮১ সেকেন্ড পর একটি গোল শোধ করে ব্যবধান ২-১ করেন থেলোনিয়াস আসগার্ড।
তবে নরওয়ের প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ম্যাচের ৩২ মিনিটে ডেম্বেলে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে দেজিরে দুয়ে নরওয়ের জালে আরও একবার বল পাঠালে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

