উত্তরা প্রতিদিন
ঢাকা

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২৩ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ণ
ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

পেনাল্টি মিসের হতাশা উড়িয়ে দিয়ে দুর্দান্ত এক গোল করলেন লিওনেল মেসি। সুন্দর এক বিল্ডআপ থেকে নিখুঁত ফিনিশিংয়ে অস্ট্রিয়ার জাল কাঁপালেন তিনি। একই সঙ্গে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে টপকে ফিফা বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এই আর্জেন্টাইন তারকা।

সোমবার রাতে ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মেসি। এর আগে ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি মিস করে ক্লোসার রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। তবে ৩৮ মিনিটে আর কোনো ভুল করেননি; চেনা জাদুকরি ছোঁয়ায় অস্ট্রিয়ার রক্ষণ ও গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগারকে পরাস্ত করে জাল কাঁপান এই ফরোয়ার্ড।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে চোখধাঁধানো হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছিলেন আলবিসেলেস্তে অধিনায়ক।

সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে লক্ষ্য ভেদ করার সঙ্গে সঙ্গেই ফুটবল জাদুকরের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়াল ১৭। শুধু তা-ই নয়, বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। এর আগে কীর্তি গড়েছেন জুস্ত ফতেঁইন ও জাইরজিনিও।

যুক্তরাষ্ট্রের মাটিতে মেসির এই অবিশ্বাস্য কীর্তির পর ডালাসের গ্যালারিজুড়ে এখন শুধুই আলবিসেলেস্তেদের উল্লাস।

Read more — খেলাধুলা
Home