
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে নেতৃত্ব দেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মো. এমরান সোনা ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য এম বি কানিজ।
মিছিলটি মহাখালী বাস টার্মিনাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় ঐতিহ্য, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে নেতারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের ভূমিকা ঐতিহাসিক। তাই যতই দমিয়ে রাখার চেষ্টা করা হোক না কেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।'
কর্মসূচিতে ঢাকা ও আশপাশের এলাকার আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

