উত্তরা প্রতিদিন
ঢাকা

বেড়েছে মুরগি, কাঁচা মরিচ-কাঁচা পেঁপের দাম

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ৫ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
বেড়েছে মুরগি, কাঁচা মরিচ-কাঁচা পেঁপের দাম

কোরবানি ঈদের এক সপ্তাহ পার হয়ে গেছে। কিন্তু বাজার এখনো প্রায় ক্রেতাশূন্য। ঈদের ছুটির পর সবজির সরবরাহ ঠিক থাকলেও বেড়েছে কাঁচা মরিচ ও কাঁচা পেঁপের দাম। সোনালি মুরগির দামও কিছুটা বেড়েছে। ঈদের আগে সোনালি মুরগি বিক্রি হয়েছে ৩৪০ টাকা কেজি। গতকাল ৪০ টাকা বেড়ে ৩৮০ টাকায় বিক্রি হয়। তবে আগের পর্যায়ে রয়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি ১৯০ টাকা। লেয়ার মুরগি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর হাতিরপুল বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

এই বাজারের সবজির কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশ মাছ-মাংসের দোকান ছিল বন্ধ। অনেক বিক্রেতা এখনো রাজধানীতে ফেরেননি। যার ফলে দোকান বন্ধ রয়েছে। উপস্থিত বিক্রেতাদের একজন বলেন, ঈদের ছুটির প্রভাব কাঁচাবাজারের সবজি, ফল ও অন্যান্য পণ্যের উপরেও পড়েছে। ঈদের আগে বৃষ্টির কারণে বেশ ফসল নষ্ট হয়, এতে সরবরাহে ব্যাঘাত ঘটে। ঈদের পর অনেকেই এখনো রাজধানীতে ফেরেননি। বাজারেও আমরা অলস সময় কাটাচ্ছি। সারা দিনে একজন-দুজন করে কাস্টমার আসে। ঈদের বন্ধের আগেই অনেকে বাজার সেরে রেখেছেন। তাই এখনো ক্রেতা সমাগম নেই বললেই চলে। তবে সামনের সপ্তাহ থেকে বাজার চাঙ্গা হবে বলে আশা করছি।

এদিকে, ঈদের পরে সবজির দাম বেড়েছে। হাতিরপুল বাজারে গতকাল কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ২০০ টাকায়। যা ঈদের আগে ১৬০ টাকা ছিল। আগে কাঁচা পেঁপে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও গতকাল তা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। টমেটো ১৪০ টাকা কেজি, ঝিঙ্গা ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়। তবে লাউ, পটোল বিক্রি হচ্ছে কিছুটা কম দামে। পটোল ৬০ টাকা কেজি, লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস ও লেবু বিক্রি হচ্ছে ২০ টাকা হালি।

এই বাজারের সবজি বিক্রেতা মোবারক হোসেন গণমাধ্যমকে জানান, ঈদের পর এখন ক্রেতা নেই। নিজেও কাজে ফিরেছি দুই দিন হলো। এরই মধ্যে মাত্র তিনজন ক্রেতা এসে সবজি নিল। তাও অল্প করে কাঁচা মরিচ, ঢ্যাঁড়স কিনল। ক্রেতা নেই, তাই বেচাকেনাও নেই। এখনো স্কুল বা অনেক অফিস খোলা বাকি। সামনের সপ্তাহ থেকে বাজারের সব দোকান খুলবে। ক্রেতাদের আনাগোনাও বাড়বে।

অন্যদিকে মাছের বাজারও ক্রেতাশূন্য দেখা যায়। অনেক মাছের দোকান বন্ধ দেখা গেছে। মাছ বিক্রেতা রাজু জানান, বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়ই উপস্থিত কম। দেখতেই পারছেন অনেক দোকান ঈদের সময় থেকে বন্ধ রয়েছে। ক্রেতাও নেই, আমরা অনেকেই  অলস সময় পার করছি। মাছের দামও আগের মতোই। তিনি জানান, আকারে বড় রুই মাছ ৪৫০ টাকা কেজি, ছোট সাইজ ৩৫০ থেকে ৩৮০ টাকা। টেংরা বড় সাইজ সাড়ে ৬০০ টাকা, মাঝারি আকৃতির টেংরা ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাশ, তেলাপিয়া মাছের দাম ২২০ থেকে ২৫০ টাকা কেজি। 

Read more — অর্থনীতি
Home