উত্তরা প্রতিদিন
ঢাকা

রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

উত্তরা প্রতিদিন ক্রীড়া প্রতিবেদক ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ণ
রাজশাহীতে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ-২০২৫। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে আজ শুক্রবার সকাল ৯টা থেকে জেলা জিমনেসিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ক্ষুদে, কিশোর-কিশোরী ও তরুণ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেন।

বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আঞ্চলিক প্রতিযোগিতা তায়কোয়ানডো খেলাকে সারাদেশে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিযোগীদের অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতা পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুমিত হাসান। এ সময় উপস্থিত ছিলেন—রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সভাপতি মো. সেকেন্দার আলী ও সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উপদেষ্টা ইঞ্জি. একেএম রফিকুল ইসলাম, এডহক কমিটির সদস্য আরিফ রাব্বানী, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য এটিএম গোলাম মাহবুব, সহকারী প্রশিক্ষক মো. ইহতেশামুল আলম প্রমুখ।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।

Read more — খেলাধুলা
Home