উত্তরা প্রতিদিন
ঢাকা

পঞ্চমবার ১০ নম্বর জার্সিতে মাঠে নামছেন মেসি

উত্তরা প্রতিদিন ক্রীড়া ডেস্ক ২৯ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ণ
পঞ্চমবার ১০ নম্বর জার্সিতে মাঠে নামছেন মেসি

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের জার্সি নম্বরও। এবারও আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি মাঠে নামবেন তার পরিচিত ১০ নম্বর জার্সিতে।

বিশ্বকাপে প্রথমবার ১০ নম্বর জার্সি গায়ে তোলেন মেসি ২০১০ সালে। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে এই জার্সি পরেই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও ১০ নম্বর জার্সিতে খেলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশেষ করে ২০২২ সালে তার নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোনো খেলোয়াড় এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে এই ঐতিহাসিক জার্সি পরে খেলেছিলেন। এবার মেসি খেলবেন পঞ্চম বিশ্বকাপ, যা তাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ১ নম্বর জার্সি পরবেন গোলরক্ষক হুয়ান মুসো। ২ নম্বরে রয়েছেন লিওনার্দো বালের্দি এবং ৩ নম্বর জার্সি পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। ৪ নম্বর জার্সিতে খেলবেন গনসালো মন্তিয়েল, ৫ নম্বরে থাকছেন লিয়ান্দ্রো পারেদেস এবং ৬ নম্বর জার্সি পরবেন লিসান্দ্রো মার্টিনেজ। ৭ নম্বরে রয়েছেন রদ্রিগো ডি পল, ৮ নম্বর জার্সি পেয়েছেন ভ্যালেন্তিন বার্কো এবং ৯ নম্বরে খেলবেন হুলিয়ান আলভারেজ।

এছাড়া ১১ নম্বর জার্সি পেয়েছেন জিওভানি লো সেলসো, ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো, ১৪ নম্বরে এক্সেকিয়েল পালাসিওস এবং ১৫ নম্বরে নিকোলাস গনসালেস। ২২ নম্বর জার্সিতে খেলবেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ, আর ২৩ নম্বরে থাকছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

বিশ্বকাপের মঞ্চে আবারও মেসির জাদু দেখার অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

Read more — খেলাধুলা
Home