উত্তরা প্রতিদিন
ঢাকা

আল আকসায় ধর্মীয় আচার পালনের চেষ্টা, ১৩ ইহুদি গ্রেপ্তার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৩ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ
আল আকসায় ধর্মীয় আচার পালনের চেষ্টা, ১৩ ইহুদি গ্রেপ্তার

জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঢুকে পশু কোরবানির সময় শুক্রবার ১৩ জনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ইহুদি উৎসব শাভুয়ত উপলক্ষে এ কোরবানির চেষ্টা করছিল তারা।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনরা নিরাপত্তাব্যবস্থা ভেঙে পবিত্র স্থাপনাটিতে প্রবেশ করে এবং সেখানে ধর্মীয় আচার পালনের চেষ্টা চালায়।

ইয়নেট নিউজ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, টেম্পল মাউন্টে কোনো পশু আনার খবর পাওয়া যায়নি। তবে সন্দেহভাজনদের কাছে ছিল গমের রুটি।

নতুন কাটা গম দিয়ে তৈরি রুটি শাভুয়ত উৎসবের কোরবানির আচার-অনুষ্ঠানের একটি প্রচলিত অংশ। শাভুয়ত মূলত কৃষিভিত্তিক একটি উৎসব।

আল আকসা ইহুদিদের সবচেয়ে পবিত্র স্থান এবং ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। দীর্ঘদিন ধরেই এটি সংঘাতের কেন্দ্রবিন্দু। সেখানে প্রকাশ্যে ইহুদিদের প্রার্থনা ও পশু কোরবানি নিষিদ্ধ।

প্রায়ই ওই স্থান পরিদর্শন করা ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির, সেখানে ইহুদিদের প্রার্থনা নিষেধাজ্ঞা পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। এতে মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সেখানে বিদ্যমান অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

এর আগে চলতি মাসে টেম্পল মাউন্টে কোরবানির জন্য একটি ছাগল নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার এক মাস আগে আরও ১৪ জন ইহুদি পুরুষ ও কিশোরকে আটক করা হয়েছিল একই অভিযোগে।

উল্লেখ্য, ইহুদিদের আল আকসায় প্রবেশ বৈধ কি না, সে বিষয়েও ইহুদি ধর্মীয় কর্তৃপক্ষের মধ্যে মতভেদ রয়েছে। ওয়েস্টার্ন ওয়ালের প্রধান রাব্বি শমুয়েল রবিনোভিচ ২০২২ সালে এক বিবৃতিতে বলেছিলেন, ‘টেম্পল মাউন্টে কোরবানি দেওয়া ইসরায়েলের প্রধান রাব্বিনেটের সিদ্ধান্তের পরিপন্থী।’

Read more — আন্তর্জাতিক
Home