উত্তরা প্রতিদিন
ঢাকা

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নরেন ধর ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাইকমিশন কার্যালয়ের সামনে পুলিশ ও অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে ঘটনাটি জানাজানি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, “মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।”

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Read more — সারাদেশ
Home