উত্তরা প্রতিদিন
ঢাকা

এসএসসি পরীক্ষার হলে গরমে ছাত্রী অজ্ঞান

উত্তরা ডেস্ক ১৭ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষার হলে গরমে ছাত্রী অজ্ঞান

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষার হলে গরমে একজন ছাত্রী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১৭ মে)  বিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়শা নামে এক ছাত্রী ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় এক ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে।

 

অসুস্থ আয়শা আক্তারের সহপাঠী তিথি জানায়, আমরা পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছিলাম। বিদ্যুৎ না থাকায় আমরা প্রচণ্ড অস্বস্তি বোধ করছিলাম। এক ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর আয়শা অজ্ঞান হয়ে পড়ে গেলে স্যারেরা তাকে হাসপাতালে নিয়ে যান।

অসুস্থ পরীক্ষার্থী আয়শা আক্তার সীমা কালিহাতী উপজেলার সোনাকান্দর গ্রামের কবির সরকারের মেয়ে।

স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান তরফদার বাবু জানান, পরীক্ষার হলে বিদ্যুৎ না থাকায় ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। সংবাদ পেয়ে হলে গিয়ে দেখা যায়, সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সিট না থাকায় তাকে বারান্দায় ফ্যানবিহীন সিটে রাখা হয়েছে। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মনিরুল ইসলাম জানান, মেয়েটি শারীরিকভাবে দুর্বল ছিল। হাসপাতালে আনার পরে আমরা দ্রুত চিকিৎসাসেবা শুরু করেছি। হাসপাতালে বেড না থাকায় বারান্দায় রাখা হয়েছে। দ্রুতই কেবিন বা সিটের ব্যবস্থা করা হবে।

Read more — সারাদেশ
Home