উত্তরা প্রতিদিন
ঢাকা

নিখোঁজের চারদিন পর উদ্ধার সেই ৪ ছাত্রী

উত্তরা ডেস্ক ১৪ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ
নিখোঁজের চারদিন পর  উদ্ধার সেই ৪ ছাত্রী

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হওয়ার চারদিন পরে গাজীপুর থেকে তাদের উদ্ধার করা হয়েছে। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করেছেন র‍্যাব ও পুলিশের একটি যৌথ দল। এর আগে গত রবিবার (১০ মে) সকালে পৃথকভাবে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়, কিন্তু পরে আর বাড়ি ফেরেনি।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, নিখোঁজ সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর সানজিদা আক্তার রায়সা (১৩) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অপর নিখোঁজ আয়শা আক্তার (১৫) অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। নিত্যদিনের মতো রবিবার সকালে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়েছিল। পরে চারজন এলাকা ত্যাগ করেন।

 

এক নিখোঁজ শিক্ষার্থীর বোন  বলেন, উদ্ধারকৃত চার কিশোরী বর্তমানে মৌচাক পুলিশ ফাঁড়ি নিরাপত্তা হেফাজতে আছেন। তারা অভিমান করে এই সিদ্ধান্ত নিয়েছিলো বলে জানতে পেরেছি। ওখানে তারা একটি বাসাও ভাড়া নেয়। একজন ওদের সহযোগিতা করেছিলো। কিন্তু তার পরিচয় জানতে পারিনি। ফিরে আসলে বিস্তারিত জানতে পারবো।  

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে, গার্মেন্টসে চাকরি নেওয়ার উদ্দেশ্যে তারা গৃহত্যাগ করেছিলো। পরে তাদের নিখোঁজ হওয়ার ঘটনায় বাউফল থানা জিডি করা হয়। জিডি'র প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। নিখোঁজ শিক্ষার্থীরা মৌচাক এলাকার একটি কম্পিউটারের দোকানে সিভি তৈরির জন্য গেলে, সেখান থেকেই আমরা তাদের তথ্য ও অবস্থান নিশ্চিত হই। পরে কালিয়াকৈর থানা ও র‍্যাবের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

Read more — সারাদেশ
Home