উত্তরা প্রতিদিন
ঢাকা

গোবিন্দগঞ্জে জমির বিরোধে সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে জমির বিরোধে সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

 জমির সীমানা নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক যুবলীগ নেতা আনিসুর রহমান মন্ডল (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ভোরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আনিসুর রহমান মন্ডল উপজেলার নাকাই ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি নাকাই হাট এলাকার নুরুল হক মন্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাকাই হাট বন্দরে জমির সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। এরপর জমির সীমানা নিয়ে আব্দুল মজিদ ও শাহ আলম পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে আনিসুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আনিসুর রহমানকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোরে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Read more — সারাদেশ
Home