উত্তরা প্রতিদিন
ঢাকা

হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি

উত্তরা ডেস্ক ১১ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ণ
হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাই হেরে যাওয়া: মাসুমা হাদি

সোমবার (১১ মে) দুপুর ১২টায় হাদি হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

  

মাসুমা হাদি অভিযোগ করে বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এ ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনের চেতনা—ন্যায়বিচার ও জবাবদিহিতা ব্যর্থ হয়ে যাবে। 

তিনি বলেন, ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চের’ মাধ্যমে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে এবং ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছি, ঢাকার শাহবাগে ব্লকেড কর্মসূচির মাধ্যমে তা শেষ করব। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে ততদিন আমরা ঘরে ফিরব না। এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না, এটা বাংলাদেশের জয়-পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে, নাকি মাথা উচু করে দাঁড়াবে; জুলাই কি হেরে যাবে, নাকি মাথা উঁচু করে বাঁচবে। 

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় তাদের পরিবারের সদস্যরা চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছেন। 

ওসমান হাদির বোন বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা চলছে, মসজিদে নামাজরত অবস্থায় নাচ-গান হচ্ছে; অথচ ওরা আমাদের শিখায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে, যেখানে বাংলাদেশের মুসলমানরা এদেশের মন্দির পাহারা দিচ্ছে।  

 

এর আগে মাসুমা হাদিকে মুখপাত্র করে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি মঞ্চের’  আনুষ্ঠানিক উদ্বোধন ও কার্যক্রম ঘোষণা করা হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি শাহজালাল হোসাইন জিহাদী উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন। পরে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার, জুলাই আন্দোলনে নিহত শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদার, জুলাইযোদ্ধা মুসা সরদার, ওসমান হাদি স্মৃতি মঞ্চের সদস্য রিফাত প্রমুখ।

Read more — সারাদেশ
Home