উত্তরা প্রতিদিন
ঢাকা

সিলেটে বাড়ছে নদনদীর পানি, বন্যা নিয়ে যা জানাল পাউবো

উত্তরা ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
সিলেটে বাড়ছে নদনদীর পানি, বন্যা নিয়ে যা জানাল পাউবো

প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও নদনদীর পানি স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। সিলেটের নদনদীর পানিও অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছে। তবে গত কয়েক দিনের বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারিগোয়াইন নদীর পানির স্তর আগের তুলনায় ওপরে উঠে গেছে। তবে এই পানি বৃদ্ধিতে এখন পর্যন্ত বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তা।

কোন নদীর পানি কোন লেভেলে আছে

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সিলেটের কোনো নদীর পানি প্রাক-বর্ষাকালের বিপৎসীমা অতিক্রম করেনি। তবে সিলেটের  সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারিগোয়াইন নদীর বিভিন্ন পয়েন্টে পানি সমতল মান বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির বিপৎসীমা থাকে ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। মঙ্গলবার সকাল ৯টায় পানি ছিল ৫ দশমিক ৮৮ সেন্টিমিটার। সুরমা নদীর সিলেট পয়েন্টে পানির বিপৎসীমা থাকে ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় পানি ছিল ৪ দশমিক ৫৮ সেন্টিমিটার।

 

কুশিয়ারা নদীর অমলশিদ পয়েন্টে পানির বিপৎসীমা থাকে ১৫ দশমিক ৪০ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় পানি ছিল ৮ দশমিক ১১ সেন্টিমিটার। শেওলা পয়েন্টে পানির বিপৎসীমা থাকে ১৩ দশমিক ০৫ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় পানি ছিল ৬ দশমিক ০৬ সেন্টিমিটার। শেরপুর পয়েন্টে পানির বিপৎসীমা থাকে ৮ দশমিক ৫৫ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় পানি ছিল ৪ দশমিক ৫২ সেন্টিমিটার।

পিয়াইন নদীর জাফলং পয়েন্টে পানির বিপৎসীমা থাকে ১৩ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় পানি ছিল ৪ দশমিক ৬১ সেন্টিমিটার। সারিগোয়াইন নদীর গোয়াইঘাট পয়েন্টে পানির বিপৎসীমা থাকে ১০ দশমিক ৮২ সেন্টিমিটার। আজ সকাল ৯টায় পানি ছিল ৪ দশমিক ৫২ সেন্টিমিটার।

সিলেট আবহাওয়া অফিস যা বলছে

এদিকে সিলেট বিভাগে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বন্যা নিয়ে কী বলছে সিলেট পানি উন্নয়ন বোর্ড

এ ব্যাপারে সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, ‘এই প্রাক-বর্ষা মৌসুমে ধীরে ধীরে নদনদীর পানি বৃদ্ধি পায়। এই পানি বৃদ্ধি পায় মূলত ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দেশের বৃষ্টিপাতে। ইতোমধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারিগোয়াইন নদীর পানির সমতল মান বৃদ্ধি পেয়েছে। তবে সিলেটের সব নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচে অবস্থান করছে। উজানে বৃষ্টিবলয় আছে ও বৃষ্টিপাত হচ্ছে। তাই আমাদের নদনদীর পানি এখন বৃদ্ধি পাবে। তবে বন্যার আশঙ্কা নেই।’

 

Read more — সারাদেশ
Home