উত্তরা প্রতিদিন
ঢাকা

মেয়ে আমার জন্য পাগল কিন্তু দেখতে দেয় না, বাবার আকুতি

উত্তরা ডেস্ক ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ণ
মেয়ে আমার জন্য পাগল কিন্তু দেখতে দেয় না, বাবার আকুতি

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় তারপর বিয়ে। সংসার টিকে ছিল দুই বছর, তারপর চলতি বছরের মার্চ মাসে বিচ্ছেদ। তবে বিচ্ছেদ হয়ে গেলেও এবার স্ত্রীর বিরুদ্ধে অব্যাহত হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন স্বামী।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন।

মো. সাদ্দাম হোসেন গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকার রারেক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন চাকরীজীবি।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, ‘ইন্টারনেটে আমাদের পরিচয়ের পর আনুষ্ঠানিকভাবেই বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ঠিক থাকলেও একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান রুমা। এসব প্রতিবাদ করায় গোপনে আমাকে ডিভোর্স দেওয়া হয়।’

তিনি বলেন, ‘শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিয়ে অনেক টাকা পয়সা নিয়েছে। পরে আমার সম্পত্তিও লিখে নেয়। এলাকার মুরুব্বিদের মাধ্যমে কাবিনের ৪ লাখ টাকাও পরিশোধ করে দিয়েছি। তারপরও রুমা পরিকল্পিতভাবে একাধিক মিথ্যা মামলা দিয়েছে। আমার মেয়ে আমার জন্য পাগল কিন্তু সন্তানকে দেখতে দেয় না।’

সাদ্দাম আরও বলেন, ‘আমার সাবেক স্ত্রী এখনো আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। তার বয়ফ্রেন্ড পরিচয় দিয়ে আমাকে ফোন করে একাধিক ব্যক্তি হত্যার হুমকি দিচ্ছে। এই সবকিছু রুমার নির্দেশে করা হচ্ছে। এখন আমি নিরাপত্তানীনতায় ভুগছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে রুমা আক্তার বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে, এখন কোন কথা বলতে আগ্রহী না। তার অভিযোগ মিথ্যে ও এ বিষয়ে আমি কোনো কথা বলবো না।’

 

Read more — সারাদেশ
Home