উত্তরা প্রতিদিন
ঢাকা

একমণ ধানেও মিলছে না একজন শ্রমিক

উত্তরা ডেস্ক ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
একমণ ধানেও মিলছে না একজন শ্রমিক

বাগেরহাটের চিতলমারীতে বোরো ধানের বাম্পার ফলন হলেও হতাশার ছায়া কৃষকের মুখে। একসঙ্গে ধান পেকে যাওয়ায় সবাই একসঙ্গে কাটা শুরু করেছেন। তবে প্রয়োজনীয় সংখ্যক শ্রমিক মিলছে না।

এমনকি এক মণ ধানেও একদিনের জন্য মিলছে না একজন শ্রমিক।

এদিকে টানা বৃষ্টি শুরু হলে পাকাধান ঘরে তুলতে ভোগান্তিতে পড়তে হবে- এমন আশঙ্কাও করছেন অনেকে।

স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর বোরো ফসলের বাম্পার ফলন হলেও শেষ সময়ে এসে নতুন ফসল ঘরে তোলা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তারা। শ্রমিক সংকট ও ধানকাটা এবং মাড়াই মেশিন চালাতে তেলের সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে বাজারে ধানের দাম অন্যান্য বছরের চেয়ে অনেক কমে যাওয়ায় একমণ ধানের দামে মিলছে না একদিনের জন্য একজন শ্রমিক। এ অবস্থায় অনেকেই নতুন ফসল ঘরে তোলা নিয়ে মহাচিন্তায় পড়েছেন।

উপজেলার কুরমনি মাঠের চাষি মালেক শেখ, দুর্গাপুর মাঠের চাষি প্রতুল হালদার ও শ্যামপাড়া গ্রামের বোরোচাষি মধাব বৈরাগীসহ অনেকে জানান, এখন অধিকাংশ ফসলে পাক ধরেছে। বেশিরভাগ স্থানে ধান কাটা শুরু হয়েছে কিন্তু মেশিনের জন্য পর্যাপ্ত তেল মিলছে না। এছাড়া কৃষি অফিস থেকে তেলের জন্য যে কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে সে কার্ড নিয়ে পাম্পে গিয়ে দীর্ঘ লাইন দিয়েও প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না। পাশাপাশি শ্রমিক সংকট রয়েছেই।

ধানের মণ বিক্রি হচ্ছে ৭শ থেকে ৮শ টাকায়; অথচ একজন শ্রমিকের মূল্য ১১শ থেকে ১২শ টাকা। এতে দেড় মণ ধানের দাম দিয়ে প্রতিদিন একজন শ্রমিকের দাম মেটাতে হচ্ছে। কৃষকদের অনেকেই বিভিন্ন ব্যাংক, এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে, কর্যে টাকা এনে চাষাবাদে ব্যয় করেছেন এখন কিভাবে আসল  ঘরে তুলবেন এবং ঋণ শোধ করবেন সেটি ভেবে পাচ্ছেন না বলে হতাশা ব্যক্ত করেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সিফাত-আল-মারুফ জানান, চলতি বোরো মৌসুমে এলাকায় ১২ হাজার ১৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ও দেশীয় জাতের বোরো ধানের আবাদ করা হয়েছে। এ বছর বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। ফসল  মাড়াই ও কাটার জন্য এ পর্যন্ত শতাধিক চাষিদের তেলের কার্ড দেওয়া হয়েছে তবে এলাকায় একটি তেলের পাম্প থাকায় সেখান থেকে ঠিকমতো তেল সরবরাহ করতে পারছেন না। এছাড়া ১ হাজার ৪৪০ টাকায় সরকার ধান কেনার ঘোষণা দিয়েছেন সেটি চালু হলে চাষিরা সঠিক মূল্য পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

Read more — সারাদেশ
Home