উত্তরা প্রতিদিন
ঢাকা

টেকনাফে পাহাড় থেকে ৩ রক্তাক্ত মরদেহ উদ্ধার

উত্তরা ডেস্ক ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
টেকনাফে পাহাড় থেকে ৩ রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতে পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানা থেকে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করা অপর দুইজনকে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাত মুর্শেদ তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নিহতরা হলেন-রুহুল আমিনের ছেলে রবি আলম (৩০), বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার বাসিন্দা; নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর ওরফে কালানি। বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের মরদেহ দেখতে পান। পাশেই একটি কোদাল পাওয়া যায় এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। তিনি আরও বলেন, পরে পরিবারের সদস্যরা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয়দের ধারণা নিহতদের মধ্যে দুইজন অপহরণ ও ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া একজনের বিরুদ্ধে ৬-৭টি মামলা রয়েছে বলেও তিনি জানান। বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানা থেকে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তিনি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এদিকে স্থানীয়দের ধারণা, মানবপাচার ও অপহরণের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Read more — সারাদেশ
Home