উত্তরা প্রতিদিন
ঢাকা

জাল রেজিস্ট্রেশন সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক

উত্তরা ডেস্ক ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
জাল রেজিস্ট্রেশন সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় জাল রেজিস্ট্রেশন সনদ তৈরি ও তা ব্যবহার করায় দুই যুবককে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বর এলাকায় মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলেজ পড়ুয়া সিয়াম মিয়া নামে এক যুবক জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল সনদ তৈরির সঙ্গে কম্পিউটার দোকানদার কামরুল হাসানের নামের আরেক যুবকের সম্পৃক্ততার কথা জানা যায়। পরে উপজেলা চত্বর এলাকায় রায়হান কম্পিউটার নামে একটি দোকানে অভিযান চালানো হলে কামরুল হাসান জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ফুয়েল কার্ডের জন্য সিয়াম নামের এক যুবক জাল রেজিস্ট্রিশন সনদ ব্যবহার করেছে। এটা জানান পর আজ আমরা ভ্রম্যমাণ আদালত পরিচালনা করি। তাদের অপরাধের জন্য তাদের জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ। জালিয়াতি প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Read more — সারাদেশ
Home