
ময়মনসিংহের ভালুকা উপজেলা আসনের এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নিজের ভাতিজাকে পুলিশে দেওয়ার মাধ্যমে তিনি অভিযান শুরু করেছেন।
শনিবার (১১ এপ্রিল) উপজেলার রাজৈ ইউনিয়ন-এর জামিরাপাড়া সমিরুদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, “গতকাল আমার ভাতিজাকে পুলিশে দিয়ে নিজের ঘর থেকেই শুরু করেছি। সুতরাং, বাকি যারা আছেন—তাদের হয় দেশ ছেড়ে চলে যেতে হবে, নয়তো ভালো হয়ে যেতে হবে।”
তিনি অভিযোগ করেন, রাজৈ ইউনিয়নে একটি মাদকচক্র সক্রিয় হয়ে উঠেছে এবং মোবাইলের মাধ্যমে জুয়া খেলে এলাকার যুবসমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি বছরে কয়েকবার এলাকায় আসি, কিন্তু আমার কাছে ওদের তালিকা আছে। কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, আবার নিজের স্বার্থও হাসিল করছে।”
তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। মানুষের নৈতিক পরিবর্তন জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ডে সামাজিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নির্যাতন রোধ করা যায়।
শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই চক্রকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। তালিকা প্রকাশ করে তাদের আইনের আওতায় আনা হবে।”

