উত্তরা প্রতিদিন
ঢাকা

চতুর্থ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত, পন্টুন সরিয়ে তল্লাশি

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৮ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
চতুর্থ দিনেও উদ্ধার অভিযান অব্যাহত, পন্টুন সরিয়ে তল্লাশি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা সম্মিলিতভাবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার পর থেকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়। উদ্ধার কাজে নিয়োজিত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এবার ঘাটের পন্টুন সরানোর কাজ শুরু হয়েছে। পন্টুনের নিচে কোনো মরদেহ আটকে আছে কি না, তা নিশ্চিত হতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পন্টুনটি সরিয়ে ফেলার পর ওই নির্দিষ্ট স্থানে ডুবুরি দল বিশেষ তল্লাশি চালাবে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, আমরা পন্টুন সরানোর অপেক্ষায় আছি। তবে বৈরী আবহাওয়ার কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। নদীতে ঢেউ বেশি থাকায় উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই পুরোদমে তল্লাশি শুরু করা হবে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান শেষ না হওয়ায় স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের স্বজনসহ স্থানীয়রা ঘাট এলাকায় ভিড় করে উদ্ধার অভিযানের অগ্রগতির অপেক্ষায় প্রহর গুনছেন। তবে উদ্ধার কাজ ঠিক কখন শেষ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ।

Read more — সারাদেশ
Home