উত্তরা প্রতিদিন
ঢাকা

পরকীয়ার জেরে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি, আশঙ্কাজনক ২

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৯ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ণ
পরকীয়ার জেরে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি, আশঙ্কাজনক ২

খুলনায় পরকীয়া সম্পর্কের জের ধরে একই পরিবারের চারজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে নগরীর লবনচরা থানার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন— কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। এদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল একটি মাদক মামলায় কারাগারে থাকাকালে ইমরান নামের এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। সেই সূত্রে ইমরানের বাড়িতে তার যাতায়াত শুরু হয়। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

প্রায় ছয় মাস আগে ফাহিমা তার স্বামী ইমরানকে তালাক দিয়ে রাশিদুলকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি লেগেছে। অস্ত্রোপচারের মাধ্যমে গুলি অপসারণ সম্ভব না হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হামলায় অন্তত ছয়জন অংশ নেয়। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Read more — সারাদেশ
Home