উত্তরা প্রতিদিন
ঢাকা

১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করল সরকার

মন্ত্রিসভার প্রথম বৈঠক
উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ণ
১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করল সরকার
মন্ত্রিসভার প্রথম বৈঠক সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি সংগৃহীত

মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে কৃষিঋণের ১০ হাজার টাকা পর্যন্ত (সুদসহ) মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক মোট এক হাজার ৫৫০ কোটি টাকার ঋণভার থেকে মুক্তি পাবেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতকে চাঙ্গা করতে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ বকেয়া রয়েছে, তাদের আসলের পাশাপাশি সুদও মওকুফ করা হবে। এতে করে প্রান্তিক পর্যায়ের ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হবেন।

সরকারি হিসাব অনুযায়ী, মূলত যারা ক্ষুদ্র অংকের ঋণ নিয়ে পরিশোধ করতে পারছিলেন না, তাদের কথা বিবেচনা করেই এই ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা রয়েছে প্রায় এক হাজার ৫৫০ কোটি টাকা, যা এ মওকুফের আওতাভুক্ত হবে। এ ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবেন।

এ ঋণ মওকুফ করা হলে দরিদ্র কৃষকরা নিম্নলিখিতভাবে উপকৃত হবে-১. এ ঋণ মওকুফ করা হলে আনুমানিক ১২ লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। ২.ঋণের কিস্তি বাবদ যে অর্থ কৃষকের ব্যয় হতো, সেই অর্থ তারা উন্নত মানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। ৩. মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষক পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে সক্ষম হবেন। ৪. এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট রেকর্ড বা ঋণমান ভালো হবে। ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। ৫. ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির ওপর নির্ভরতা কমবে। ৬. ঋণ মওকুফের প্রায় তাৎক্ষণিক প্রভাব হিসেবে গ্রাম হতে নগরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পাবে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের ১৯৯১-৯৬ মেয়াদকালে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছিল।

 

 

ইএফ/ 

Read more — জাতীয়
Home