উত্তরা প্রতিদিন
ঢাকা

কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
কর্মচারীকে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ছাগল লুটের অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে কর্মচারীকে জিম্মি করে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন এলাকার একটি খামারে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার মালিক এস.এম আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে কর্মচারী রেখে দুই বছর ধরে ছাগলের খামারটি করেছি। খামারে ছোট-বড় চল্লিশটি ছাগল ছিল। মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে ১টার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন অস্ত্রের মুখে কর্মচারীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবো।

খামারের কর্মচারী নুরুল আফছার বলেন, রাতে ছাগলের ডাক শুনে আমি ছুটে যাই। তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে সব ছাগল নিয়ে গেছে। এসময় তারা সিসিটিভি ক্যামেরা ও খাদ্যের কয়েকটি বস্তাও নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, মধ্যম ওয়াহেদপুর ইউনিয়নে এক ব্যক্তির খামারে কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে গেছে এমন অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Read more — সারাদেশ
Home