
তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে "সহজ উষ্ণতা" শীর্ষক বিশেষ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন সহজপাঠ ফাউন্ডেশন।
রবিবার (০৪ জানুয়ারি) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার রৌহা গ্রামের শীতার্তদের মাঝে সংগঠনটি মানসম্মত শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচিটি পালন করে।
কর্মসূচি সম্পর্কে আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সদস্যরা নিজস্ব তহবিল ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ করেন।
এ বিষয়ে সংগঠনটির উপদেষ্টা মো. আশিকুর রহমান বলেন, "সহজপাঠ ফাউন্ডেশন সবসময়ই মানবিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই হাড়কাঁপানো শীতে প্রান্তিক মানুষের দুর্ভোগ অসহনীয় হয়ে ওঠে। আমাদের 'সহজ উষ্ণতা' কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সেই সব মানুষের পাশে সামান্য উষ্ণতা নিয়ে দাঁড়ানো। সামর্থ্যবানরা এগিয়ে এলে কোনো মানুষকেই শীতে কষ্ট পেতে হবে না।"
সংগঠনটির সভাপতি আতিফ আসাদ বলেন, "আমরা বিশ্বাস করি, শিক্ষার প্রসারের পাশাপাশি সামাজিক সেবাও আমাদের অন্যতম দায়িত্ব। 'সহজ উষ্ণতা' আমাদের সংগঠনের সহমর্মিতার বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করলে সমাজের যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতেও আমাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহজপাঠ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আশিকুর রহমান, সভাপতি আতিফ আসাদ, স্বেচ্ছাসেবক রাহুল ইসলাম অপুসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ। এছাড়াও হৃদয় ফকির, সাজু সরকার, জিকু সরকার, নাহিদ রানাসহ অন্যান্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন।
প্রসঙ্গত, দুই আমেরিকা প্রবাসী ঝন্টু সরকার ও শিমুল সরকারের আর্থিক সহযোগিতায় কর্মসূচিটি পালিত হয়।

