উত্তরা প্রতিদিন
ঢাকা

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

উত্তরা প্রতিদিন উত্তরা ডেস্ক ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ণ
পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার সন্ধ্যায় তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যা সোয়া ৬টায় যমুনায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সেখানেই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের সময় উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এরপর ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

Read more — জাতীয়
Home